বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি জিতু

বিএনপিতে যোগ দিলেন জাকসুর ভিপি জিতু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বা জাকসুর স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। 

শুক্রবার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তিনি দলটিতে যোগ দেন।

দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জিতু নিজেই। তিনি জানান, তিনি কোনো সহযোগী সংগঠন নয় বরং সরাসরি মূল দল বিএনপিতে যোগদান করেছেন। এ সময় জিতু আরও বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আজ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও ছাত্রদলে যোগ দিয়েছেন। আমরা তাঁদের সবাইকে স্বাগত জানাই।

উল্লেখ্য, জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশিদ জিতু সহসভাপতি বা ভিপি নির্বাচিত হয়েছিলেন। জাকসুর ২৫টি পদের মধ্যে ২০টি পদেই অন্য একটি প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও শীর্ষ পদ ভিপিতে জয়লাভ করে আলোচনায় আসেন আবদুর রশিদ জিতু।

আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তাঁর এই যোগদানের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email