বাবা যে রাজনৈতিক লড়াই শুরু করেছিল, আমি তা চালিয়ে যাবো- হুমাম কাদের

বাবা যে রাজনৈতিক লড়াই শুরু করেছিল, আমি তা চালিয়ে যাবো- হুমাম কাদের

চট্টগ্রাম‑৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, যারা দীর্ঘদিন ধরে তাঁর দলের নেতা‑কর্মী ও সমর্থকদের ওপর নির্যাতন চালিয়েছে, তারা এখন দেশের বাইরে অবস্থান করছে। তিনি দাবি করেন, এ কারণে রাঙ্গুনিয়ায় শান্তি ফিরেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালির মুহাম্মদপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, “যারা এত বছর ধরে আমাদের ভাই‑বোনদের ওপর নির্যাতন করেছে, তাদের ভোট আমার লাগবে না। বুক ফুলিয়ে বলতে পারি, যারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে বসবাস করছে। সেই কারণে রাঙ্গুনিয়ার মানুষ আবারও শান্তি ফিরে পেয়েছে।”

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি প্রয়াত বিএনপি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, অতীতে তাঁকে গুম করে কয়েক মাস আটকে রাখা হয়েছিল এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। পরে তিনি সিদ্ধান্ত নেন, তাঁর বাবা যে রাজনৈতিক লড়াই শুরু করেছিলেন, তা তিনি চালিয়ে যাবেন।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে তিনি কাজ করবেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন।

পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ’র সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন একেএস ডায়াগনস্টিক সেন্টার এমডি সামানজার খান।

বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মাহবুব ছাফা, আবদুল শুক্কুর, যুবদল নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, তারেক, মাহবুব ও আনোয়ার হোসেন প্রমূখ।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email