বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ সকল গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের গন্তব্যে ভ্রমণ করতে ইচ্ছুক যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, তারা বিমানবন্দরে যোগাযোগ না করে এবং ফ্লাইটের বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হেল্পলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করুন।

বিবৃতিতে বলা হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় সৃষ্ট অস্থিরতা এবং আকাশপথে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস বলেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার অনুরোধ করা হচ্ছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের সঙ্গে রাখুন।

এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email