
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড় এল। এই আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ দেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। অর্থাৎ মাত্র ৩ হাজার ৩৭৬ ভোটের ব্যবধানে হার-জিত নির্ধারিত হয়।
ফলাফল ঘোষণার পরপরই বেশ কিছু কেন্দ্রের ভোট গণনা নিয়ে আপত্তি তোলেন বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ। নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে ধরণা দিয়েও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের শরণাপন্ন হন তিনি। আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। তাদের যুক্তিতে প্রাথমিক সত্যতা মেলায় আদালত এই আসনে পুনর্গণনার আদেশ দিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে ৩টিতেই জামায়াত প্রার্থীরা জয়ী হয়েছিলেন (বাগেরহাট-১, ২ ও ৪), আর ১টিতে জয়ী হয় বিএনপি (বাগেরহাট-৩)।







