
জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কার কাজ হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। জিয়া স্মৃতি জাদুঘর আমাদের গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি। এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা জরুরি।

তিনি আরও বলেন, জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পায়।
তিনি উল্লেখ করেন, এই জাদুঘর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথেও অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অমূল্য ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে।







