চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, রমজান মাসে ক্ষুধা-তৃষ্ণা নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ যে আত্মসংযম ও ত্যাগের শিক্ষা পায়, ঈদুল ফিতর হলো তার পূর্ণতা। এটি নিজের ভেতরের অহংকার ও পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে আত্মশুদ্ধির দিন। এই দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড মীরের খীল গ্রামে নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
এর আগে সকাল সকাল সাড়ে ৮টায় ওই গ্রামের ‘মীর বাড়ি জামে মসজিদ’ প্রাঙ্গণে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। জামাতে শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
এ সময় প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা জরুরি বলে জানান। এছাড়া তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
এদিকে ঈদের নামাজ শেষে প্রতিমন্ত্রী উপস্থিত রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে, তিনি ‘মীর বাড়ি জামে মসজিদ’ সংলগ্ন পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন।