চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এইচএসসি (১ম ও ২য় বর্ষ) পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বেলা ১২টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের গৌরবময় ইতিহাস রয়েছে। বর্তমানে এ স্কুল থেকে অনেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ স্কুলের হারানো গৌরব, সুনাম ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনারা অভিভাবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। মাননীয় উপাচার্য সকল অভিভাবকের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর এ স্কুল প্রতিষ্ঠা হয়েছিল। এরপর থেকেই সুনামের সাথে কাজ করে আসছে এ প্রতিষ্ঠান। বর্তমানে এটির অবস্থা খুবই ভঙ্গুর হয়ে পড়েছে। তিনি বলেন, আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু কিছু শিক্ষার্থী চক্রান্ত করে সব শিক্ষার্থীকে ক্লাসে আসতে দিচ্ছে না। অভিভাবকরা সচেতন হলে, দায়িত্বশীল ভূমিকা পালন করলে এ সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিদ্যমান সমস্যা সমাধানে প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো। পিতা-মাতা সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখেন। এজন্য আপনারা আপনাদের সন্তানদের স্কুলমুখী করুন। নিজেদের সচেতন নাগরিকের পরিচয় দিন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত অভিভাবকবৃন্দ বিভিন্ন মতামত, পরামর্শ ও সমস্যার বিষয়ে আলোচনা করেন। মাননীয় উপাচার্য এসব মতামত, পরামর্শ ও সমস্যার বিষয়ে মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাইয়ুম।

এসময় আরও উপস্থিত ছিলেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, চবি প্রক্টর, অভিভাবকবৃন্দ, স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email