উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় স্থানান্তর করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা চালাতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন তিনি।

সম্প্রতি রাজধানীর মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়। এ প্রেক্ষিতে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করবে এবং নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে কার্যক্রম সুশৃঙ্খল রাখা যায়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যানজট নিরসনেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্কুল-কলেজের সামনে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট কমাতে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।

বৈঠকে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী, যাতে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকা নির্বাহে কোনো দীর্ঘমেয়াদি সংকট তৈরি না হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email