প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন চট্টগ্রামের বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু জয় করলেন চট্টগ্রামের বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাউন্ট মাকালুর শিখরে পৌঁছেছেন চট্টগ্রামের পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী। শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময়) তিনি শিখরে পৌঁছান।

মাউন্ট মাকালুর উচ্চতা ৮,৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট), যা নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত। তার সঙ্গে অভিযানে ছিলেন শেরপা গাইড আং কামি শেরপা।

ভার্টিকাল ড্রিমার্স ক্লাবের উদ্যোগে পরিচালিত এই অভিযানে বাবর আলী গত ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন। ৯ এপ্রিল তিনি টুমলিংটার পৌঁছান এবং পরে সড়কপথে সেদুয়া গ্রামে যান। ১৮ এপ্রিল তিনি বেসক্যাম্পে পৌঁছে অভিযোজন শুরু করেন। ৩০ এপ্রিল তিনি চূড়ান্ত শিখর অভিযানের উদ্দেশ্যে রওনা দেন।

৬,৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ থেকে ৭,৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ অবস্থান করার পর মধ্যরাতে চূড়ান্ত আরোহণ শুরু করেন তিনি। প্রায় ১,১০০ মিটার কঠিন পথ অতিক্রম করে ভোরে শিখরে পৌঁছান।
বাবর আলী পেশায় একজন চিকিৎসক এবং পর্বতারোহণ সংগঠন ভার্টিকাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক।

বিশ্বে ৮,০০০ মিটারের বেশি উচ্চতার ১৪টি পর্বতকে সবচেয়ে কঠিন আরোহন চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়। এই অভিযানে মাকালু জয় করে তিনি এখন পর্যন্ত পাঁচটি আট-হাজারি শৃঙ্গ সফলভাবে আরোহণ করলেন।

এর আগে, ২০১৭ সালে তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন। ২০২২ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অ্যামা দাবলাম জয় করেন।

২০২৪ সালে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে এক অভিযানে জয় করেন।

২০২৫ সালে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপুন্না ১ আরোহণ করেন এবং একই বছরে অক্সিজেন ছাড়াই মানাসলু জয় করেন।

মাকালু জয়কে তার পর্বতারোহণ অভিযাত্রার ধারাবাহিক সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email