বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

বিশ্বকাপে খেলছেন মেসি, নিশ্চিত করলেন কোচ আয়ালা

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরে যে ধোঁয়াশা ছিল, অবশেষে তার অবসান ঘটল। আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের অন্যতম কোচিং স্টাফ রবার্তো আয়ালা।

বিশ্বকাপ আসর শুরু হতে মাত্র ২০ দিন বাকি থাকলেও মেসি নিজে এই বিষয়ে জনসমক্ষে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি। ফলে ফুটবলপ্রেমীদের মনে কৌতুহল ও শঙ্কা দুই-ই বাড়ছিল। তবে রেডিও লা রেদকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আয়ালা ভক্তদের আশ্বস্ত করে বলেন, মেসির খেলা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে সে-ই প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছে।

সাক্ষাৎকারে বিশ্বকাপের চূড়ান্ত দল গঠন নিয়েও কথা বলেন আয়ালা। তবে এখনই খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে রাজি হননি তিনি। কিছুটা রসিকতার ছলে এই কোচ বলেন, “আমরা এই মুহূর্তে দল গঠনের তালিকা তৈরি করছি মুছে ফেলা যায় এমন কলম দিয়ে। চূড়ান্ত দল দেখতে হলে আপনাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ৩৭ বছর বয়সী মেসির অবসর নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছিল। গুঞ্জন রয়েছে, এই কারণে দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে কোচিং স্টাফ সদস্য আয়ালার এই মন্তব্য আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

আগামী ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে লিওনেল মেসির জাদুকরী নেতৃত্বেই ৩৬ বছরের দীর্ঘ খরা কাটিয়ে বিশ্বমঞ্চের শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। এবারও সেই একই কাণ্ডারীর হাত ধরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email