অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে নাজিমুর রহমান

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের হালিশহর আই ব্লক ৪নং লেইনের পেশকার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোমবার (০২ জুন) সকাল ৯টায় তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি কাঁচাপাকা বসতঘর পুড়ে যায়। মুহূর্তের মধ্যে বহু পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

এ সময় নাজিমুর রহমান আই ব্লক সমাজ কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে জরুরি আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিকভাবে খাবার ও বস্ত্র সহায়তার ব্যবস্থা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

নাজিমুর রহমান বলেন, “দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে আমরা সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো। তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানসমূহকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জাকির হোসেন, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. আলমগীর, হালিশহর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহীন, আই ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রেহানউদ্দিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার আলী খান, হালিশহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু।

স্থানীয় বাসিন্দারা এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত উপস্থিত হয়ে সহায়তার উদ্যোগ গ্রহণ করায় নাজিমুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email