দেশের সার কারখানাগুলোর উৎপাদনশীলতা বাড়াতে এবং গ্যাস ব্যবহারের কার্যকারিতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডকে (সিইউএফএল) আধুনিকায়নের মাধ্যমে সেখানে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে। সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সিইউএফএল এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা জানান সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সার কারখানাগুলোর গ্যাস সংকট নিয়ে কথা বলতে গিয়ে শিল্পমন্ত্রী জানান, দেশে বর্তমানে কাফকো ছাড়া অন্য কোনো সার কারখানা সারাবছর চালানো সম্ভব হয় না। গ্যাসের ক্ষেত্রে সরকারের অগ্রাধিকারের প্রথম তালিকায় রয়েছে বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় তালিকায় শিল্প কল-কারখানা এবং তৃতীয় তালিকায় রয়েছে সার কারখানা।
সিইউএফএলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। বর্তমানে কারখানাটির গ্যাস গ্রহণের তুলনায় উৎপাদন ক্ষমতা অনেক কমে গেছে। অর্থাৎ, এটি গ্যাস বেশি নিলেও উৎপাদন দিচ্ছে কম। এই অপচয় রোধ করে কারখানাটি যাতে পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য এখানে সার্বক্ষণিক গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানায় কী কী পরিবর্তন বা আধুনিকায়ন আনতে হবে, তা নির্ধারণে একটি বিশেষজ্ঞ টিম নিয়ে প্রাথমিক পরিদর্শনে আসা হয়েছে।
এর আগে দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন মন্ত্রী। এরপর তিনি কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা সরেজমিনে ঘুরে দেখেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন।
এ সময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ কর্পোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।