সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার- মেয়র

সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদন নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার- মেয়র

দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে সমাজে ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। আমাদের মহান মুক্তিযুদ্ধ, জাতীয় চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সংস্কৃতির আলো দিয়েই সমাজের সব অন্ধকার দূর করতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত সংস্কৃতিসেবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রামের সংস্কৃতিসেবী, শিল্পী, গায়ক, বাদক, নাট্যকার, কবিয়াল, সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি জাতির মেরুদণ্ড হলো তার সংস্কৃতি। অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুন প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্যকে বুকে ধারণ করতে হবে। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি চসিক মেয়র হিসেবে চট্টগ্রামের সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে এবং সংস্কৃতিকর্মীদের যেকোনো কল্যাণমুখী উদ্যোগে সিটি করপোরেশন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।
সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি ও সংস্কৃতি ব্যক্তিত্ব দিলশাদ আহমেদকে আহবায়ক ও ডাঃ ঈসা চৌধুরীকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার এবং চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
দিলশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি উদ্বোধন করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সংসদের মহাসচিব রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট কবি অভিনেতা এবিএম সোহেল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী। উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমগীর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, সদস্য ও সাবেক জাসাসের সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার পাহালভী, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক জোট নেতা ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী, ডা. জুবায়ের আল মাহমুদ, কবিয়াল আবু ইউসুফ, মৌসুমী চৌধুরী, আলতাফ হোসেন, মাহবুব সুমন, জুলফিকার আহমেদ, তৌহিদুল ইসলাম রানা, প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, শিহাব উদ্দিন রিয়াদ, আশরাফুল ইসলাম টিটু, শহিদুল করিম মিন্টু,ফৌজিয়া শারমিন শম্পা, নাদিয়া তাসনিম নিপা, নাট্যকার জহুরুল ইসলাম সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সংগঠকবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email