চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রামে ইয়াবা সেবনের আসরে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় শেখ মো. আজাদ (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ জুলাই) বিকেলে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার মওলানা আব্দুল হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে। তিনি একটি অ্যালুমিনিয়াম কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।নিহতের ভাই মো. সাজ্জাদ অভিযোগ করেন, দুপুর ১টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন আজাদ। দুপুর ১টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তাকে স্থানীয় গুল্লি বাবু নামে এক ব্যক্তি কাজের কথা বলে তাকে ডেকে নিয়ে যান।
তিনি বলেন, পরে গুল্লি বাবুই ফোন করে জানান, আজাদকে সামারহিল এলাকায় গুলি করা হয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হচ্ছে। হাসপাতালে গিয়ে দেখি, আমার ভাইয়ের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনায় মামলা করব এবং হত্যাকারীদের বিচার চাই।
চমেক হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় আজাদকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানান।
ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) নুরুল আফসার বলেন, গুল্লি বাবু ও নিহত আজাদ সম্পর্কে মামা-ভাগিনা। ঘটনার সময় তারা হৃদয় নামে আরও এক ব্যক্তিকে নিয়ে একটি কক্ষে ছিলেন এবং সেখানে তারা ইয়াবা সেবনের জন্য গিয়েছিলেন। ঘটনাস্থলটি একটি কক্ষ হওয়ায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কে বা কারা গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email