
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের পূর্বের গৌরব পুনরুদ্ধারে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার হয়েছে।
মন্ত্রী সোমবার চট্টগ্রামের সীতাকু-ে পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, আরব শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং লিমিটেড, এস এন কর্পোরেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
আব্দুল মুক্তাদির বলেন , শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রী বলেন, দেশের শিল্প-কারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার ক্র্যাশ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছে। এ সংকটকে দীর্ঘদিনের উল্লেখ করে, তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণ এবং সংশ্লিষ্ট শিপ রিসাইক্লিং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







