
চট্টগ্রাম শহরের প্রাণপ্রবাহ ও অন্যতম প্রধান প্রাকৃতিক জলধারা মহেশ খাল’কে দূষণমুক্ত, পরিবেশবান্ধব, আধুনিক এবং জনবান্ধব নগর জলপথে রূপান্তরের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান’র কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইঙ্গে ক্লাসেন (Inge Klaassen)। বৈঠকে নগর জলব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই নগর উন্নয়ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় মহেশ খালের বর্তমান অবস্থা, দূষণের উৎস, জলপ্রবাহ পুনরুদ্ধার, খালের নাব্যতা রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা এবং খালের দুই তীরকে নাগরিকবান্ধব উন্মুক্ত জনপরিসরে রূপান্তরের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি এবং টেকসই পানি ব্যবস্থাপনার সফল মডেলকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় হয়।
এ সময় সাঈদ আল নোমান এমপি বলেন, “মহেশ খাল শুধু একটি খাল নয়; এটি চট্টগ্রাম নগরের পরিবেশগত ভারসাম্য, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যৎ টেকসই নগর উন্নয়নের অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার মাধ্যমে আমরা এ জলধারাকে নতুন প্রাণ ফিরিয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সচল ও পরিবেশসম্মত মহেশ খাল গড়ে তোলা সম্ভব হলে তা জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি নাজিম উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন সহ সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী কর্মকর্তারা।তাঁরা প্রকল্প বাস্তবায়নের কারিগরি, প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।







