সাতকানিয়ায় জমি নিয়ে সংঘর্ষ: ১৩ জনের বিরুদ্ধে এজাহার, গ্রেপ্তার ১

সাতকানিয়ায় জমি নিয়ে সংঘর্ষ: ১৩ জনের বিরুদ্ধে এজাহার, গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মজিদের পাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেটগামী সড়কসংলগ্ন বাদীর ক্রয়কৃত জমিতে অভিযুক্তরা জোরপূর্বক প্রবেশ করে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। এ সময় তারা পূর্বে নির্মিত টিনের ঘেরা বেড়া ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে বাদী ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
বাদীর চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বাবা মোহাম্মদ মুছা (৭০), ভাই মোহাম্মদ ইউনুছ (২৪), চাচাতো ভাই মোহাম্মদ মোরশেদ (৩০) এবং প্রতিবেশী মোহাম্মদ শফিক (সজিব) (৩৩)। অভিযোগ অনুযায়ী, তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মো. শফি (৪৮), পিতা—মৃত হাফেজ আহমদ, সাং—খাগরিয়া মসজিদপাড়া, ৫ নম্বর ওয়ার্ডকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সাতকানিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তবে এজাহারে উল্লিখিত অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email