,

ফটিকছড়িতে পরকীয়া প্রেমিকসহ অসামাজিক কার্যকলাপের সময় যুবলীগ নেত্রী আটক

ফটিকছড়িতে পরকীয়া প্রেমিকসহ অসামাজিক কার্যকলাপের সময় যুবলীগ নেত্রী আটক

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নে অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ার অভিযোগে এক যুবলীগ নেত্রী ও তার কথিত প্রেমিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাবারড্যাম ডলু আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির মহিলা সদস্য রাশু বেগম (৪০)। তিনি ওই এলাকার জনৈক প্রবাসীর স্ত্রী। তার সঙ্গে আটক হন একই ইউনিয়নের কোটবাড়িয়া নাজিরখিল এলাকার বাচা মিয়ার ছেলে মোঃ হাসেম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে আটক হাসেম রাশু বেগমের বাড়িতে গেলে বিষয়টি জানতে পারেন স্থানীয়রা। তারা ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে থানা পুলিশকে খবর দেয়।পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করে ভূজপুর থানা পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল মুন্সি বলেন, রাশু বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ একই ধরনের ঘটনার অভিযোগে স্থানীয়রা তাকে ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।