চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করবে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান সরকার বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে। পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা ও কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, “জেলা পরিষদে বসেই আমরা ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র জানার উদ্যোগ নিয়েছি। প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করে বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ও কার্যকরভাবে সহায়তা দেওয়া যায়।”
তিনি আরও বলেন, “এ বন্যায় অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। কৃষকের ফসল, গরু ও মুরগির খামার, কৃষিজমি, পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পুনর্বাসনে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।”
তিনি বলেন, বন্যার শুরু থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দুর্গত মানুষের পাশে রয়েছেন। একই সঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।