জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে আজ (০৫ আগস্ট ২০২৬) বোর্ডের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন। এছাড়াও বোর্ডের সকল শাখা প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম। তাই এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার কিংবা এর আদর্শকে বিকৃত করার কোনো সুযোগ নেই।
তিনি তাঁর বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে কিছু ব্যক্তি অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করেছেন এবং কেউ কেউ জুলাইয়ের চেতনার পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে গণঅভ্যুত্থানের প্রকৃত আদর্শকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি এসব প্রবণতার সমালোচনা করে বলেন, শহীদদের আত্মত্যাগকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সকলকে দায়িত্বশীল আচরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথি আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি বা অসদাচরণের স্থান নেই। তিনি বোর্ডে সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা ও সেবার মান নিশ্চিত করতে সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক ____ বলেন, অনেকেই জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ বলে মন্তব্য করেন। কিন্তু প্রকৃতপক্ষে জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ নয়। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রেরণা লাভ করেছে। তাই জুলাইয়ের চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মন্নান বলেন, “জুলাই আমাদের বিশাল আবেগের জায়গা।” তিনি বলেন, এই আবেগ ও চেতনাকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
সভায় বক্তব্য প্রদানকালে বোর্ডের সচিব অধ্যাপক জহিরুল হক স্বপন জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম জুলাইয়ের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারি দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনকল্যাণমুখী প্রশাসনিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।