
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা ও দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
একই সঙ্গে বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি সারাদেশকে জানানো হয়েছে বলে জানান রিজভী।
নতুন মহাসচিব কে হবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ওপর দেওয়া হয়েছে। সাংবিধানিক ও দলীয় প্রক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন মহাসচিবের নাম জানানো হবে।







