
গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকাসহ দেশের সকল দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আজ বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। দলটির নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগে গত বছরের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর প্রয়াণের পর এবারই প্রথম তাঁর জন্মদিনে বিএনপি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী দোয়া মাহফিলের উদ্যোগ নিল।
রাজনৈতিক জীবন ও পরিচিতি
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালেও তিনি সরকারপ্রধান হন। ১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালে রাজনীতিতে আসেন তিনি। ১৯৮৪ সাল থেকে মৃত্যুবধি তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। এরশাদবিরোধী আন্দোলনসহ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও কারাবাসের মুখোমুখি হয়ে নেতাকর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।







