
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, সমাজে গুণীজনদের যথাসময়ে উপযুক্ত সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি সত্যিকারের আলোকিত মানুষ ও সমাজসেবকদের সম্মান দিতে শিখি, তবে সমাজে তাঁদের আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মের মধ্যে আরও অনেক গুণী মানুষ তৈরি হবে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা ১২টায় জোবরা পশ্চিম পট্টি স্কুল এন্ড কলেজে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল হক চৌধুরী জীবনীর ওপর বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া রচিত ‘প্রান্তিকে প্রদীপ্ত ফজলুল হক চৌধুরী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মরহুম ফজলুল হক চৌধুরী ছিলেন একজন নিঃস্বার্থ সমাজসেবক। নিজের নামে কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা না করে তিনি এলাকার মানুষের শিক্ষার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁর এই মহৎ ত্যাগ ও অসাম্প্রদায়িক আদর্শ আজকের দিনেও আমাদের অনুপ্রেরণা জোগায়। উপাচার্য লেখক প্রশান্ত কুমার বড়ুয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ৮৭ বছর বয়সেও এই গ্রন্থটি রচনার মাধ্যমে তিনি শুধু একজন ব্যক্তির জীবনকে তুলে ধরেননি, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য দলিল উপস্থাপন করেছেন।
উপাচার্য তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, কেবল শিক্ষার্থী সংখ্যা বাড়ালেই সফল হওয়া যায় না; নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্থানীয় এলাকার পারস্পরিক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সংঘাত নয়, বরং সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক বজায় রেখে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার বড়ুয়া, চবি গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ. এফ. এম. সানাউল্লাহ, প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মনজুরুল হাসান চৌধুরী সেলিম, বিএনপি নেতা উদয় কুসুম কুমার বড়ুয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সালেহ জহুর, চবির ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সফিউল আলম। অনুষ্ঠানে বিশিষ্টজনদের এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।বক্তারা মরহুম ফজলুল হক চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং গ্রন্থটি যেন প্রতিটি পরিবার ও শিক্ষার্থীর আলোকবর্তিকা হয়ে ওঠে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, দাতা পরিবারের সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।







