“খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে”- আবু সুফিয়ান এমপি

“খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে”- আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন। দেশের স্বার্থ ও জনগণের অধিকার রক্ষায় তিনি কখনো আপস করেননি। তাঁর আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করে বিজয় অর্জন করেছি। নির্বাচনের মধ্য দিয়ে আজ জনগণের সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা খালেদা জিয়ার আদর্শ ও গণতান্ত্রিক চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

তিনি আরও বলেন, আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সব ক্ষেত্রের অবস্থাই নাজুক ছিল। শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সেবা নিশ্চিত করতে মাননীয় অর্থমন্ত্রী বাজেটে এ দুই খাতে দ্বিগুণ বরাদ্দ রেখেছেন। এর লক্ষ্য হলো সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি করা। এই বরাদ্দের সুফল জনগণ পাবে। শিক্ষা ও চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের উদ্যোগে “উপহার সামগ্রী বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

আবু সুফিয়ান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেই বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, তাঁর নেতৃত্বে জনগণের স্বপ্নের সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু।
ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের সভাপতি ইয়াকুব চৌধুরী নাজিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইউনুছ চৌধুরী হাকিম, বাকলিয়া থানা বিএনপি নেতা এস এম সেলিম, ইমতিয়াজ উদ্দিন অপু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসহাক চৌধুরী আলিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।ক্যাপশন: বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email