
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের সেমিনার সমৃদ্ধকরণ ও ছাত্রীদের চাকরির প্রস্তুতিমূলক সহায়তার লক্ষ্যে ‘বই প্রদান অনুষ্ঠান’ আজ মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকাল ৩টায় চবি শামসুন নাহার হল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। চাকসুর পক্ষ থেকে যখনই কোনো বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে, প্রশাসনের সীমিত সক্ষমতার মধ্যেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সকলের মতামত, সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যাব। মাননীয় উপাচার্য চাকসুর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসন, চাকসু এবং বিভিন্ন ছাত্র সংসদের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম বলেন, চাকরির প্রস্তুতির পাশাপাশি গণিত, সাহিত্য, সংস্কৃতি, উপন্যাস, দর্শন ও ইতিহাসসহ বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়াবে। প্রতিদিন ঘুমানোর আগে কিছু সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি ও ক্যারিয়ার ব্যবস্থায় নিজেদের প্রস্তুত করতে বই পড়ার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি এমন আয়োজনের জন্য চাকসুকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা এবং সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদাউস রিতা। অনুষ্ঠানে পাঁচটি ছাত্রী হল সংসদের প্রতিনিধিদের হাতে বই হস্তান্তর করেন মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, ছাত্রী হল সংসদসমূহের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, শামসুন নাহার হলের আবাসিক শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






