ব্যাংকে চাকরি নিলেন তমা, অভিনয়ও চলবে সমানতালে

ব্যাংকে চাকরি নিলেন তমা, অভিনয়ও চলবে সমানতালে

অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্যাংকে চাকরির পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তমা। তাঁর ভাষায়, অভিনয়ই তাঁর প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।
নতুন সিনেমা ‘যাযাবর’-এ সজল-ভাবনা

তমা মির্জা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিনয়ের ব্যাপারে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।’

সর্বশেষ আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন তমা। তবে সিনেমায় তাঁর খুব বেশি ব্যস্ততা নেই।

তমা জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় নিজেকে যুক্ত করার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

শুধু সিনেমা নয়, ওটিটিতেও তমার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। তাঁর অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’ আলোচিত হয়েছে।

তমা মির্জা বলেন, ‘আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

শিগগির তমা মির্জা শুরু করবেন ভিকি জাহেদের পরিচালনায় নতুন ছবি ‘খলনায়ক’। এতে তাঁর বিপরীতে থাকবেন আফরান নিশো।