
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্র্যাক ও ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন)-এর যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি বুধবার (১৯ আগস্ট ২০২৬) বেলা ১২টায় অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ২,৫০০টি বিভিন্ন প্রজাতির চারা গাছ হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
এছাড়া ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইপসার প্রতিনিধিত্ব করেন সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক নাসিম বানু শ্যামলী, প্রকল্প ব্যবস্থাপক তুষার কুমার রায়, অ্যাসোসিয়েট ফিল্ড অফিসার মিশকাতসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের সার্বিক ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সবুজ পৃথিবী নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্র্যাক ও ইপসার এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।







