,

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুর থেকে থিম্পু যাওয়ার পথে ভুটানের রাজাকে বহনকারী বিশেষ বিমানটি বুধবার (২৬ আগস্ট) ভোরে ঢাকায় সাময়িক যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও তাঁর পরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। অন্যদিকে, রাষ্ট্রপতিও বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজপরিবারকে উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক গভীর ও ঐতিহাসিক। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটান সব সময় বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থানে রয়েছে। এ ছাড়া ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ মমত্ববোধ ও ভালোবাসার কথা স্মরণ করেন তিনি।

দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির ওপর জোর দিয়ে ভুটানের রাজা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগের মতো খাতগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এ ছাড়া তিনি তাঁর দূরদর্শী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই উদ্যোগের প্রশংসা করে জানান, আঞ্চলিক টেকসই উন্নয়ন ও পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে সকাল সাড়ে ৬টার দিকে রাজাকে বহনকারী বিশেষ বিমানটি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।