
শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমানে খেলাধুলার চর্চা অনেকটাই কমে গেছে। এটি আবারও বাড়াতে হবে। শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমে জেলা পরিষদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক আয়োজন যারা করবেন, তারা আমার কাছে আসবেন। আমি যতদিন জেলা পরিষদে আছি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আমার দরজা খোলা থাকবে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ‘৩য় এনজিএইচএসডিএস জাতীয় এশীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ-বিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি থাকবে, তবে কোনো ধরনের হিংসাত্মক বা অসহিষ্ণু বক্তব্য নয়—শিক্ষার্থীদের এমন চর্চায় অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যুক্তি ও তর্কের মধ্য দিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। কে পক্ষে বলবে, কে বিপক্ষে বলবে—সেটি গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হলো যুক্তি দিয়ে নিজের কথা উপস্থাপন করা। এখানে কোনো হিংসাত্মক বক্তব্য থাকবে না। সহনশীলতার সঙ্গে বিতর্ক করতে হবে। অনেক সময় আমরা টকশোতে বক্তব্য দিতে গিয়ে এমন পর্যায়ে চলে যাই, যেন মারামারি লেগে যাচ্ছে। কিন্তু বিতর্কের জায়গাটি এমন হওয়া উচিত নয়। এখন থেকেই যুক্তিনির্ভর ও সহনশীল হওয়ার চর্চা করতে হবে।
নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে জেলা পরিষদ প্রশাসক শামীম বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকা স্বাভাবিক। পরস্পরের মতামতকে সম্মান করে যুক্তি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরাই একটি সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয়। তাই আজকের বিতর্ক থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হওয়া উচিত—প্রতিপক্ষকে পরাজিত করা নয়, বরং যুক্তি ও জ্ঞানের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠা করা। অন্যের মতকে সম্মান করতে হবে, অসত্য ও গুজব থেকে দূরে থাকতে হবে এবং যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করতে হবে। আমি বিশ্বাস করি, আজকের এই বিতর্ক মঞ্চ থেকেই আগামী দিনের অনেক যোগ্য নেতৃত্ব তৈরি হবে। যারা যুক্তিবাদী হবে, ন্যায় ও সত্যের পক্ষে কথা বলবে এবং দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগাবে।
নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপ্লব দাশের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মুহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারেং বাংলাদেশের ফাউন্ডার মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, দৃষ্টি চট্টগ্রামের সদস্য আবু জুনায়েদ আসাদ, ইকুইটি অফিসার ইসরাত জাহান শম্পা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি ডা. মেহজাবিন মাহি।
এ সময় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি নির্ঝর দেব, সাধারণ সম্পাদক নাবিল রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি তানভীন কায়েসসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিতার্কিকরা উপস্থিত ছিলেন।








