
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পরাজিত শক্তি ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশে নানানভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, বিএনপি কোনো অপশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে সঙ্গে নিয়ে পরাজিত ও পলাতক অপশক্তির যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
মীর হেলাল বলেন, ৩০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের প্রত্যাশা পূরণ এবং রাষ্ট্রকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সময় ও সকলের সহযোগিতা প্রয়োজন। বিএনপি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি বলেন, আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুনসহ যথাসময়ে উপস্থিত হয়ে র্যালিকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার পর একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের মানুষ বিএনপির ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দলের রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি সফল করার লক্ষ্যে মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আবুল হাশেম, মুজিবুল হক, মো. মহসিন, মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ডিপ্টি, মো. জাফর আহমেদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, এম এ সবুর, নুর উদ্দিন হোসেন নুরু, মো. আজম, আশরাফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা নুরুন্নাবাহার, বিএনপি নেতা এস কে খোদা তোতন, নগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, নগর ছাত্রদল সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, তাঁতী দলের সভাপতি সেলিম হাফেজ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুরাদ, ওলামা দলের সভাপতি মওলানা শহিদুল্লা চিশতী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।