
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।
রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান তার বক্তব্যে শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করে বলেন, আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একটি দেশপ্রেমিক প্রজন্ম গঠনে এই বিশ্ববিদ্যালয় অনবদ্য ভূমিকা রাখছে। তিনি বিইউপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ভবনগুলো উদ্বোধনের পর প্রধান অতিথি একটি গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস ও আবাসিক এলাকা পরিদর্শন করেন। এরপর বিইউপির স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।
তিনি শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনাগুলোও তুলে ধরেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বিইউপির উপাচার্যের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। এ ছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কার প্রদান করেন তিনি।
নবনির্মিত এই তিনটি ভবন বিইউপির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক গবেষণা ও সৃজনশীল চর্চার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্যবৃন্দ, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ, সাবেক উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।