,

আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

আলোচনা-সমঝোতায় দেশ এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

হানাহানি, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১১টার দিকে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, “হানাহানি ও সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র যেন আর হারিয়ে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণ করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু হবে। এর মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নের সুযোগ তৈরি হবে।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনটি ঠাকুরগাঁওসহ এ অঞ্চলের মানুষের জন্য আনন্দের। এর মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

এর আগে রোববার দুপুরে দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলায় এটিই তাঁর প্রথম সরকারি সফর।