
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন তিনি। প্রায় ৮৬ একর জমির ওপর নির্মিত হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, সংঘাত নয়, দেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি কোনো অঞ্চলের জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও মানবসম্পদ উন্নয়নের মূল কেন্দ্র। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি আধুনিক ও মানসম্মত শিক্ষার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি নির্ধারিত সময়ের মধ্যে মান বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত নির্মাণকাজ শেষ করার আহ্বান জানান। ফলক উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়টির সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আহসান হাবিব দুলু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ পদস্থ কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।