
উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরি।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যাবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন এবং ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ৫০ কোটি টাকার এই প্রকল্পটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের ঋণ সহায়তার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য।
তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংকের নতুন এই প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরি বলেন, সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। প্রান্তিক পর্যায়ে কাজ করা সৃজনশীল মানুষদের শুধু আর্থিক সহায়তা দেওয়াই নয়, তাদের প্রশিক্ষণ, পণ্যের ব্র্যান্ডিং এবং বাজারজাতকরণের সুযোগও তৈরি করা হচ্ছে।
এ ধরনের উদ্যোগ গ্রহণে কর্মসংস্থান ব্যাংককেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে বাজারমুখী করা এবং অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চায় সরকার।
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতিতে যথাযথ সহায়তা দেওয়া গেলে এর ইতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।
কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ কমানোর ওপরও গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে খেলাপি ঋণের হার ৪ শতাংশ। এটি ১ থেকে ২ শতাংশে নামিয়ে আনতে পারলে তা ব্যাংকের জন্য আরও ইতিবাচক হবে। কর্মসংস্থান ব্যাংক ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং মুনাফাও করছে বলে মন্তব্য করেন তিনি।








