চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ, চট্ট মেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়ার মৌ. আকমলের বাড়ির মোহাম্মদ রফিক-এর ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেক-এর ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।