,

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। প্রধান আলোচক হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বায়তুস সালাম জামে মসজিদ, নাসিরাবাদ, চট্টগ্রামের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মুহাম্মদ একরামুল হক।

অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল আমাদের সকলের জন্য আদর্শ। তিনি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সফল একজন নেতা ছিলেন। তিনি একটি রাষ্ট্রের প্রধান ছিলেন, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত ছিল এবং সকল ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল।”

তিনি আরো বলেন, মহানবী (সা.)-এর আদর্শের অন্যতম শিক্ষা হলো লোভ, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। তাঁর নেতৃত্বের মূল ভিত্তি ছিল মানুষের কল্যাণ, ন্যায়বিচার এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ফলে তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি যেমন নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের দেশ পরিচালনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহানবী (সা.)-এর আদর্শে যে সুশাসন, সকলের অংশগ্রহণ এবং লোভ, হিংসা ও বিদ্বেষের ঊর্ধ্বে থেকে দেশ পরিচালনার শিক্ষা রয়েছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সরকারও সেই আদর্শকে সামনে রেখে সুশাসন ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে।

বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, “মহানবীর জীবন আমাদের সকলের জন্য অনুকরণীয়। তাঁর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের সকলের মুক্তি।” তিনি মহানবীর আদর্শকে সামনে রেখে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, মানবিকতা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধান আলোচক মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সাম্য, সহনশীলতা, ক্ষমা, পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। তিনি ব্যক্তি জীবনে যেমন উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও ন্যায়বিচার, দায়িত্বশীলতা ও মানবিক মর্যাদার ওপর গুরুত্ব দিয়েছেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন কেবল ধর্মীয় জীবনের জন্য নয়; একজন মানুষ হিসেবে নৈতিকতা, দায়িত্ববোধ, নেতৃত্ব, সামাজিক সম্প্রীতি এবং মানুষের প্রতি ভালোবাসার ক্ষেত্রেও তাঁর জীবন সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর আদর্শকে নিজেদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মুহাম্মদ একরামুল হক তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি, শিক্ষা ব্যবস্থা এবং সকলের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সম্মানিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন