
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার চত্বরে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তার সংলগ্ন প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের বাউন্ডারির ভেতরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত নারীর নাম জয়নব বেগম (৫৫)। তিনি গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার মো. আলীর স্ত্রী। নিহত অন্য পাঁচজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শক্তিতে একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা একটি লরির ভেতর থেকে দগ্ধ অবস্থায় আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বজনেরা জানান, জয়নব বেগম জামগড়া এলাকায় দর্জির কাজ করতেন। ঘটনার সময় তিনি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর ছিটকে আসা সিলিন্ডার তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার গেটের সামনে নিহত ওই নারী দর্জির কাজ করতেন। হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তার শরীরে লাগে এবং এতে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি লরির ভেতরে দগ্ধ অবস্থায় পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।







