,

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ল বাসভাড়া

জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ল বাসভাড়া

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে দূরপাল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছিল। তখন বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়। সর্বশেষ সিদ্ধান্তের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। আর মিনিবাসের ক্ষেত্রে এ ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।

অন্যদিকে, দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা নির্ধারিত ছিল। তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসনসংখ্যা কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এ ছাড়া সেতু ও সড়কের টোলও ভাড়ার সঙ্গে যুক্ত হয়।

নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।