চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সমাজকল্যাণ ও শিক্ষামূলক দাতব্য প্রতিষ্ঠান ‘অথেন্টিক ফাউন্ডেশন’ কর্তৃক গৃহীত 'বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬'-এর উদ্বোধন আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিষ্ঠানটির পাঁচ বছর মেয়াদী পরিবেশবান্ধব মিশন 'গ্রিনসোল: ৫০০০ ট্রিস ফর আর্থ'-এর আওতায় "সবুজপ্রাণে সাজাই দেশ, সজীব রাখি পরিবেশ" প্রতিপাদ্য নিয়ে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এ সময় অথেন্টিক ফাউন্ডেশনের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল মাননীয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন এবং মাননীয় উপাচার্যের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বনায়নের জন্য অথেন্টিক ফাউন্ডেশন যে দূরদর্শী উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাউন্ডেশনের সদস্যদের বলিষ্ঠ নেতৃত্ব, লব্ধ জ্ঞান, একাগ্রতা এবং এ ধরণের কার্যক্রম বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।