
পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।
মঙ্গলবার ঘটনাস্থলে থাকা দুই স্থানীয় ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদীতীরবর্তী বাণিজ্যিক এলাকায় বিমান হামলা চালানো হয়। হামলার পর প্রথম দিকে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে ও ৫৮ জন আহত হয়েছেন।’
তিনি জানান, হামলার পর সৃষ্ট আগুনে কয়েকটি মরদেহ পুড়ে গেছে। এ কারণে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও বিমান হামলায় ৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।







