শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা গেলে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে এবং তারা কিশোর গ্যাংসহ নানা অপরাধ থেকে দূরে থাকবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দোভাষী বাজার উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে শামীম বলেন, "সন্তানেরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পড়াশোনা করছে কি না—সে বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও তদারকি করতে হবে। বর্তমানে অনেক প্রতিষ্ঠানে বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন কমে যাওয়ায় একশ্রেণীর শিক্ষার্থী পথভ্রষ্ট হচ্ছে।" এ প্রসঙ্গে তিনি নিজের ছাত্রজীবনের নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার স্মৃতিকথা তুলে ধরেন।
বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, "জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত বিএনপি সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে, যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। একই সঙ্গে দেশকে অস্থিতিশীল কিংবা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যেকোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোরভাবে মোকাবিলা করা হবে।"
বিদ্যালয়ের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সিরাজ উদ্দীন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তরুণ রাজনীতিবিদ শাহওয়াজ জামাল নিজাম সনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্টজয়ী ডা. বাবর আলী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা শহীদুজ্জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা চক্রবর্তীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।