মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন তিনি নিজেই। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতেন দীর্ঘদিন। কিন্তু সেই তরুণ পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম (২৫) এবার ডেঙ্গুর কাছে হার মানলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন, বন্ধুমহল ও স্থানীয়দের মাঝে।
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউনিয়নের মধ্যম হলুদিয়া এলাকার আসমত আলী মোল্লা বাড়ির বাসিন্দা সাইফুল পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে হেঁয়াকো বাজারে সেবা ফার্মেসী নামে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন সাইফুল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাইফুল। তিন দিন আগে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (৩ অক্টোবর) বিকেলে চিকিৎসার জন্য তাঁকে ফটিকছড়ি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জনৌ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।তবে হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তাঁর মৃত্যু হয়।
সাইফুল এক কন্যা সন্তানের জনক।শনিবার বাদে এশা হেয়াকো কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১ম জানাজা এবং মধ্যম হলুদিয়া জামে মসজিদ মাঠে ২য় জানাজায় হাজারো মানুষ অংশ গ্রহণ করে তাকে চির বিদায় জানায়।