জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে ১৮ জনকে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসে বদলির জন্য বাছাই করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ বদলি কার্যক্রম উদ্বোধন করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তন শুরু করতে হবে, আর সেই কাজ আজ শুরু হলো।
আইনমন্ত্রী বলেন, ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। ধরে নেওয়া হয়, যাদের এখানে পোস্টিং হয়, তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই প্রাইস পোস্টিংয়ের মধ্যেই প্রথম লটারি হচ্ছে।
তিনি জানান, সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে ঢাকার বিভিন্ন সাবরেজিস্ট্রি অফিসের জন্য নির্বাচন করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে পদায়ন করা হবে।
বদলির পর কেউ নতুন কর্মস্থলে গিয়ে দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। প্রয়োজনে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
এদিকে, এক সাবরেজিস্ট্রারের কাছ থেকে সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।