
রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গহিরা কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ১৫ অক্টোবর কলেজ হলরুমে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি এবং সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। প্রভাষক বরুন মণ্ডলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গহিরা কলেজ পরিচালনা কমিটির সভাপতি এম এ হালিম,উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান এবং আবদুর রহিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি আরও বক্তব্য দেন কলেজের শিক্ষক নিজাম উদ্দিন ও আনছার আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে আয়শা মেহেরান তানিশা ও পুষ্পি রানী দাশ। বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনে উদ্বুদ্ধ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করেছে। গহিরা কলেজের যেকোনো অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সমস্যা পর্যায়ক্রমে ও ধারাবাহিকতার সাথে সমাধান করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, কেবল সার্টিফিকেট অর্জন নয়, মেধা ও মননের প্রকৃত উৎকর্ষ সাধনের মাধ্যমে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিতে হবে। সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই কলেজের সুদীর্ঘ ঐতিহ্য ও সুনাম দেশবাসীর সামনে আরও উজ্জ্বল করতে হবে।







