কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া পুলিশের দুই সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয় বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুক্তি পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি; দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিন; ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অজান্তে সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। পরে ভারতীয় কয়েকজন বাসিন্দা তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। সহকর্মীকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরান হোসেনকেও আটক করা হয়। এরপর দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেন।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সংবাদ সম্মেলনে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছিলেন, বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। দুই পুলিশ সদস্য অক্ষত আছেন বলেও তিনি জানিয়েছিলেন।