প্রেমের কি জাত আছে
--------‐------------------------------কোহিনূর আক্তার
শরীর তো কষ্ট পায়! মন তো উড়ে যায়
যে আকাশে জাতের বেড়া নেই,
ধর্মের দেয়াল নেই,
নেই কোনো সমাজের আদালত ।
মন কারও বাধ্য হয় না,
কারও নিয়মে মন চলে না ।
তবু শরীরকে ফিরতে হয়
সমাজের টানা সীমানায় ।
তাহলে মন কি শরীর থেকে আলাদা ?
নাকি শরীরেরই গভীরে
মন এক বিদ্রোহী সত্তা
যে ভালোবাসতে জানে,
কিন্তু বিচারের ভাষা জানে না ?
যদি প্রেম পাপ হয়, তবে পাপী কে
যে ভালোবেসেছে, নাকি সেই সমাজ,
যে ভালোবাসার আগে
মানুষের জাত খোঁজে ?
যে ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়,
সেই ধর্মও কেন ভালোবাসাকে কাঠগড়ায়
দেখায় ?
মন কি কখনও ভুলে যেতে পারে
সেই মানুষটাকে,
যার কাছে সে কোনো জাত ছিল না,
কোনো ধর্ম ছিল না,
কোনো পরিচয় ছিল না
শুধু এক টুকরো ভালোবাসা ছিল ।
হয়তো শরীরের মৃত্যু হয়,
সম্পর্কের মৃত্যু হয়,
সমাজের দেওয়া পরিচয়েরও মৃত্যু হয়।
মনের শাস্তি হয় না মন তো উড়ে যায় !
মনের চাওয়া প্রেম বেঁচে রেখে শরীর কে শাস্তি
দেয় থাকার।
কোনো মন্দিরে নয়,
কোনো মসজিদে নয়,
কোনো শাস্ত্রের পাতায় নয়,
বেঁচে থাকে মানুষের বুকের গভীরে।
আর তখন প্রশ্ন জাগে
যে প্রেমকে পৃথিবী মেনে নেয়নি,
সেই প্রেমকে কি সত্যিই হারায় ?
নাকি হারিয়ে যায় সেই পৃথিবী ?
যে পৃথিবী মানুষ চিনতে শেখেনি
শুধু তার জাত চিনেছে ?
১৮/১০/২৬
৹৹৹৹৹৹৹৹৹৹
লেখাটা ভুল কোনো মন্তব্য
করবেন না ।