
ভারতের রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত মডেল আকাঙ্ক্ষা চৌধুরীর বিস্ফোরক অভিযোগ, নবরাত্রির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে চরম অব্যবস্থার মধ্যে ফেলেছেন আয়োজকেরা। শুধু তা-ই নয়, তার দাবি, অনুষ্ঠানের জন্য নির্ধারিত পারিশ্রমিকও মেটানো হয়নি।
প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে তার ছবি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আয়োজকদের আচরণকে একপ্রকার অপহরণ বলেও বর্ণনা করেছেন এই মডেল। পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রির ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আকাঙ্ক্ষার অভিযোগ, আয়োজক দলের মাত্র তিনজন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল।
তাদের প্রত্যেকের বয়স ১৮ বছরের কাছাকাছি। অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। আকাঙ্ক্ষার দাবি, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে আনতে আসেননি আয়োজকেরা। অথচ, ততক্ষণে তার অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল।
তার অভিযোগ, শিল্পীর জন্য প্রয়োজনীয় কোনও ব্যবস্থাপনাই রাখেননি আয়োজকেরা। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারিও দেন তিনি। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে অভিযোগ আকাঙ্ক্ষার। তার দাবি, জোর করে তাকে গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সঙ্গে নিজের দলের সদস্যরা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।
এ অবস্থায় অনুষ্ঠানস্থলে ঢুকতে পারবেন না বলে জানালেও আয়োজকেরা তার কথায় গুরুত্ব দেননি। উল্টো তাকে নিয়ে হাসাহাসি করতে থাকেন বলে অভিযোগ এই মডেলের। ঘটনাটিকে একপ্রকার অপহরণ হিসেবে বর্ণনা করে আকাঙ্ক্ষা জানান, বাধ্য হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের চড় মারার পর গাড়ি থামে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।







