দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নগরের কোতোয়ালী থানার জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দীন বলেন, বাংলাদেশের ইতিহাসে দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে কোনো সরকারপ্রধানের আগমন এই প্রথম। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া চট্টগ্রামে এসেছিলেন।
এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছেন।
তিনি বলেন, আমরা সবাই এ নিয়ে অত্যন্ত উৎসাহিত ও গর্বিত।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী একটি রংধনু জাতি গঠনের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাংলাদেশে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা এখন কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বাড়াতে সহায়ক হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে লক্ষ্য, এ সফর তারই প্রতিফলন বলে তিনি মনে করেন।