,

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী আজ। দিন শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্ত-পুণ্যার্থীরা।

বুধবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। এদিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন তাঁরা।

ভক্তদের চোখের জলে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। তাই মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর। দেবীর বিদায়বেলায় ভক্তদের মধ্যে দেখা দেবে বিচ্ছেদের বেদনা। ঢাক ও শঙ্খের ধ্বনিতে মুখর হয়ে উঠবে বিদায়ের আয়োজন।

এদিন সকালে সারা দেশের মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে পূজার আনুষ্ঠানিকতা।

বিজয়া দশমীতে স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মাধ্যমে সারা দেশে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব নেতিবাচক প্রবৃত্তি ত্যাগ করে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

দেবী দুর্গার বিদায়ের আগে এদিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন সনাতন নারীরা। দেবীর চরণে থাকা সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন তাঁরা।

শাস্ত্রমতে, স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা দেবী দুর্গার সিঁথিতে দেওয়া সিঁদুর নিজের সিঁথিতে লাগিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। পান ও মিষ্টি নিয়ে দেবী দুর্গাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন তাঁরা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন।

ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত শাস্ত্রীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোটকে (ঘোড়া) চড়ে এবং গমন করছেন নৌকায়। দেবীর আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় বিশ্বাস ও ব্যাখ্যা।