‘রাখব চারপাশে পরিষ্কার, ডেঙ্গু করব প্রতিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের অংশ হিসেবে আনোয়ারা থানা চত্বরের একটি দীর্ঘদিনের পরিত্যক্ত পুকুর পরিষ্কার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার পরিত্যক্ত পুকুর ও আশেপাশের পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কে ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয়।
অভিযান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "শুধু চিকিৎসার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন আগাম প্রতিরোধ। বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের আঙিনায় জমে থাকা পানি এবং বর্জ্য নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের মাধ্যমে প্রতিটি জীবন রক্ষায় সবার সচেতনতা জরুরি।"
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন,"ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে নিজ নিজ চারপাশ ও নালা-নর্দমা পরিষ্কার রাখার বিকল্প নেই। থানার পরিবেশ পরিচ্ছন্ন রাখার এই প্রয়াস সাধারণ মানুষকেও নিজস্ব আঙিনা পরিষ্কার রাখতে অনুপ্রাণিত করবে।"
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।